
Table of Contents
আমাদের গল্পগুলো
আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের জীবনের নানান গল্প। আমাদের বিয়ে হয়েছিল সম্বন্ধ করে। সে আজ থেকে ১৭ বছর আগের কথা। ২০০৮ সালের জুন মাসের এক রবিবারে আনন্দবাজার পত্রিকায় ‘পাত্র চাই’-এর বিজ্ঞাপনে আমার সংক্ষিপ্ত বিবরণী ছাপা হলো। এরপর আর কি! সারাদিন ধরে অক্লান্তভাবে বেজে চললো ল্যান্ড ফোন। তাঁদের মধ্যে থেকে বাছাই করে কিছু পাত্রের বাড়ির ঠিকানায় ছবি ও বায়োডাটা পাঠানো শুরু হলো। আর তারপর শুরু হল …
পাত্রী দেখা পর্ব
সাধারণত আরেঞ্জড ম্যারেজ মানেই আমরা ধরে নিই পাত্রীকে সেজেগুজে বসতে হবে পাত্র পক্ষের সামনে। আর পাত্র পক্ষ তাকে নানান ভাবে পরখ করে জানাবেন যে পাত্রী তাদের পছন্দ হয়েছে কি না! কিন্তু আমার ক্ষেত্রে অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। তার প্রধান কারণ আমার বাবা। আমার বাবা কোনোদিনও আমাকে সেজেগুজে বসতে বাধ্য করেননি। সকলের সাথে শুধুই আলাপ করতে বলেছিলেন।
আর সত্যি কথা বলতে, যে কয়টি পরিবার শেষ পর্যন্ত আমাকে দেখতে এসেছিলেন তাঁরা সকলেই ছিলেন যথেষ্ট শিক্ষিত এবং ভদ্র। আর তাঁরাও আমাকে পরোখ করে দেখার মতো কোনো অপমানজনক আচরণ করেননি। আমি বাবার উপদেশ অনুযায়ী নিশ্চিন্তে শুধুই পরিপাটি হয়ে বসে সকলের সাথে আলাপ করেছিলাম। বরং বলা যায় কোনো কোনো ক্ষেত্রে একটা ঘরোয়া আড্ডার আমেজ তৈরী হয়েছিল।
আমার বেড়ে ওঠা
আমি বড় হয়েছি এই কলকাতা শহরেই। তবে আমি বাবার এমন কড়া অনুশাসনে বড় হয়েছিলাম যে, বয়ফ্রেন্ড তো দূর আমার কোনোদিনও কোনও ছেলে-বন্ধুই ছিল না। বাবা-ই মাথায় ঢুকিয়েছিল যে, যথাসময় আমার জন্য বিবাহযোগ্য পাত্র দেখা হবে, দু’ পক্ষ থেকে পাকা কথা হবে এবং চেষ্টা করা হবে পাকা কথা থেকে বিয়ের মধ্যে কিছুদিন সময় রাখার। সেই সময় আমি এবং আমার হবু বর দেখা-সাক্ষাৎ ওরফে প্রেমালাপ করতে পারবো।
বাস্তবে কী ঘটেছিল
সব ক্ষেত্রে একথা সত্যি হোক না হোক, আমার ক্ষেত্রে বাস্তবে তাই-ই হয়েছিল। এ যেন সেই ‘ল অফ এট্ট্রাকশনে’র কথা। যাই হোক, ২০০৮ এর ১৫ই অগাস্ট ছিল আমাদের বিয়ের পাকা কথার দিন। আর বিয়ে হয়েছিল ২০০৯ এর ১লা ফেব্রুয়ারী। এই কয়েকটা মাসে আমরা দুজনে কলকাতা শহরের বুকে যথেষ্ট পরিমাণে ঘুরে বেড়িয়েছি।
আত্মীয়রা সবাই জানতেন যে পাকা কথার দিনই আমরা প্রথম ফোনে কথা বলা শুরু করেছিলাম। আসলে আমরা মাত্র একদিন আগে থেকেই প্রথম কথা বলা শুরু করি। আমার বাবা পাত্রের অফিসে খোঁজ খবর নিতে গিয়ে পাত্রের সাথে করে ফোন নম্বর দিতেও দিতেও চেয়েছিলেন। কিন্তু লজ্জায় তিনি তা নিতে অস্বীকার করেন। আর তার ফলে আমার বাড়ি থেকে পাত্রকে ঘোরতর রক্ষণশীল হিসেবে ধরে নেওয়া হয়। ফলে আমার আর কথা বলার কোনো উপায়ই ছিল না। তখনতো ফেসবুক ছিল না ছিল অর্কুট। তারপর পাকা কথার ঠিক আগের দিন হঠাৎ করেই আমি উদ্যোগ নিয়ে অর্কুট থেকে খুঁজে বের করেছিলাম আমার হবু বরকে। তাকে মেসেজ করে ফোন করার কথা বলি। উৎসাহ তাঁরও কম ছিল না। ফলে সেই দিন থেকেই আমাদের ফোনালাপের শুরু। পরদিন ফোন নাম্বার পেয়েই যেতাম তবুও সেদিন থেকে কথা বলা শুরু করে খুব রোমাঞ্চ অনুভূত হয়েছিল।
সেই শুরু হলো গল্প
সেই প্রথম দিন থেকেই ফোনে কথা হতো অনেক রাত পর্যন্ত। এমনকি মাঝে মাঝে ফোনের চার্জও ফুরিয়ে যেতো। তখন তো ফোন বলতে সেই ছোট ছোট ফোন। চ্যাট করার কোনও সুযোগই ছিল না তাতে। চ্যাট করতে হলে সেই ঢাউস কম্পিউটার খুলে গুগল মেসেঞ্জারে। আমার ফোন রিচার্জ করার দায়িত্বও নিয়েছিল আমার হবু বর।
প্রথম দেখা
১৬ই অগাস্টই আমরা প্রথম দেখা করি, সেদিন অবশ্য পরে বোনও যোগ দিয়েছিল। আমার সেদিন দুপুরবেলা ঢাকুরিয়াতে একটা কাজ ছিল। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা দুজনেই পৌঁছে যাই দক্ষিণাপণে। ঠিক যেন সেই ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমাটার মতো।
প্রথমে কিছুক্ষণ ওখানে সিঁড়িতে বসেই কথা বলেছিলাম। বসেওছিলাম অবশ্য একটু দূরত্ব রেখেই। বিকেলের দিকে বোনও পৌঁছলে আমরা তিনজনে মিলে উল্টোদিকেরই একটা রেঁস্তোরায় যাই। সেখানে অবশ্যই আমি বোনের সাথে বসেছিলাম। কি খেয়েছিলাম আজ আর মনে নেই তবে তিনজনে মিলে ভালোই আড্ডা দিয়েছিলাম মনে আছে। তারপর আর কি! আমি বোনের সাথে বাড়ি ফিরে গেলাম একরাশ বিরহ নিয়ে। প্রথম দিন থেকেই যে মনের মধ্যে এতো উথালপাতাল শুরু হতে পারে কারও জন্য সে কথা সেদিনই প্রথম আবিষ্কার করলাম। আমার সেই প্রেম-বিরোধী মনোভাব এক লহমায় উধাও হয়ে গেলো।
প্রেমপর্ব
তারপর থেকে প্রতি সপ্তাহে আমরা দুজন দেখা করতাম। বহুবার দেখা করেছি, বহু ভালো ভালো সিনেমা দেখেছি। দেখা হলেই ফুচক-আলুর চপ থেকে আইসক্রিম যা যা আমার খাওয়া বারণ ছিল সব খেতাম। এখানে একটা মজার কথা বলি, আমি কিন্তু আমার হবু বরের সাথেই প্রথম সেভাবে ফুচকা খেয়েছি। কলেজে পড়তে বন্ধুরা যখন ফুচকা খেতো আমি তখন ওদের ব্যাগগুলো ধরে দাঁড়াতাম, নিজে খেতাম না। কারণ বাবা বলেছিলেন ফুচকা খুব অস্বাস্থ্যকরভাবে বানানো হয়। আমি অবশ্য এখনো তাইই মনে করি। আর এখনও বরকে ছাড়া তেমন ফুচকা খাইনা, তবে প্রেমপর্বে প্রচুর ফুচকা খেয়েছি। প্রেমের সাথে ফুচকার যেন একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে।
আমার জীবনের নানান ঘটনা জানতে পড়ুন মুক্ত বিহঙ্গ – আমার প্রথম ব্লগ ।
কী কী বাধা এসেছিল
আমরা সাধারণত সপ্তাহে একদিনের বেশি দেখা করতাম না তবুও দুই বাড়ি থেকেই কেন জানিনা খুব আপত্তি উঠত এই দেখা করা নিয়ে। আমার বাবার অবশ্য সায় ছিল। বাবা বলতেন, দু’জনে দু’জনকে একটু বুঝে নেওয়া প্রয়োজন। যদি কোনও গন্ডগোল চোখে পড়ে তবে বিয়ে নাকচও করে দেওয়া যাবে। আবার ফোনে কথা বলা নিয়েও যে কারও কোনো বক্তব্য ছিল না তা নয়। আমার বাবার আপত্তি ছিল বেশি রাত পর্যন্ত কথা বলা নিয়ে। আর আমার শ্বশুর বাড়ির লোকেরা বলতেন এতো কথা এখনই বলে নিলে একদিন কথা ফুরিয়ে যাবে। কথাটা যে খুব ভুল তা নয়।
কোথায় দেখা করতাম
আমার সাথে দেখা করতে আমার বরকেই বাসে করে আমার বাড়ির কাছাকাছি আসতে হতো। কারণ তাহলে আমি তাড়াতড়ি বাড়ি ফিরতে পারবো। তখন হাইল্যান্ড পার্কে বিগবাজারের ওপরে ‘ইওর ফুডিজ’ বলে একটা ফুড প্লাজা ছিল। বেশিরভাগ সময় আমরা সেখানেই দেখা করতাম। নাহলে পাটুলী মোড়ে দেখা করে ঝিলের পারে বসে খানিক আড্ডা দিতাম, আর তারপর ফুচকা নয় আলুর চপ খেয়ে রিক্সা করে বাড়ি ফিরে যেতাম। আর আমার হবু বর বাসে করে বাড়ি ফিরত আমার সাথে ফোনে কথা বলতে বলতে।
বিরহ পর্ব
বিয়ের আগের পুজোতে আমাদের একসাথে ঠাকুর দেখা হয়নি। কারণ ঠিক তখনই আমার বর এক মাসের জন্য অন সাইটে জার্মানিতে ছিল।
….চলবে।
আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক
দেবাঞ্জনা রায়- যমজ সন্তানের মা। হবি: সাঁতার কাটা, বই পড়া ও নিজের জীবনযাপন নিয়ে ব্লগ লেখা। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত মোটিভেশনাল ব্লগ লিখি। এছাড়া WordPress Developer হিসেবেও ফ্রিল্যান্স করি।এই ওয়েবসাইটটিও আমার নিজের তৈরী। নিচে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিঙ্ক দেওয়া রইল, পড়ে দেখতে পারেন।
Discover more from Debanjana Roy--Mother of Twins
Subscribe to get the latest posts sent to your email.


