You are currently viewing ৪০ পেরিয়ে নিজের যত্ন কীভাবে নেবেন: গুরুত্বপূর্ণ দিকগুলো জেনে নিন। 

৪০ পেরিয়ে নিজের যত্ন কীভাবে নেবেন: গুরুত্বপূর্ণ দিকগুলো জেনে নিন। 

৪০ পেরিয়ে নিজের যত্ন কীভাবে নেবেন: গুরুত্বপূর্ণ দিকগুলো জেনে নিন।

৪০ পেরিয়ে নিজের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরী। ৪০ পেরিয়ে যাওয়া মানেই জীবন শেষ নয় — বরং জীবনের এক নতুন, আরও পরিণত অধ্যায়ের সূচনা। এই বয়সে শরীর, মনের চাহিদা ও অভিজ্ঞতা— সবকিছু বদলে যেতে শুরু করে। তাই এই পর্যায়ে নিজের প্রতি যত্নশীল হওয়া একান্ত জরুরি। বিশেষ করে নারীদের জন্য এই বয়সে স্বাস্থ্য, সৌন্দর্য, মানসিক সুস্থতা, পরিবার ও নিজের পরিচয় সবকিছুই নতুনভাবে গুরুত্ব পায়। চলুন জেনে নিই, চল্লিশ পেরোনো নারীরা কীভাবে নিজেকে ভালবাসবেন, সুস্থ রাখবেন ও আত্মবিশ্বাসের সঙ্গে জীবন উপভোগ করবেন।


১. শারীরিক যত্ন: নিয়মিত চেকআপ ও স্বাস্থ্যকর অভ্যাস

৪০ পেরোলে নারীর হরমোনাল পরিবর্তন, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, মেনোপজের পূর্ব লক্ষণ, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি বিষয় দেখা দিতে পারে। তাই—

  • নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন: ব্লাড প্রেসার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড, ম্যামোগ্রাম, প্যাপ স্মিয়ার, ইউ. এস. জি. এবং ডেন্টাল চেকআপ — এ সব নিয়ম করে করান। কোনও অসুখ ধরা পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করান। অবহেলা করে ফেলে রাখবেন না। নিয়মিত ফলো আপ করাতেও ভুলবেন না।

  • পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন: বেশি করে ফাইবারযুক্ত খাবার, ফল, শাকসবজি, ক্যালসিয়াম ও প্রোটিন যুক্ত খাবার খান। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো সাপ্লিমেন্ট নিতে পারেন প্রয়োজনে। খাবার সময় নির্দিষ্ট রাখতে চেষ্টা করবেন। ভুলেও ব্রেকফাস্ট করতে ভুলবেন না।

  • পর্যাপ্ত জল পান করুন: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জলের প্রয়োজনীয়তা বেড়ে যেতে থাকে, ফলে ত্বক শুষ্ক হয় ও ক্লান্তি অনুভব হয়। তাই সারাদিনে ৮ থেকে ১ ০ গ্লাস জল পান করতে চেষ্টা করবেন।

  • নিয়মিত ব্যায়াম করুন: সপ্তাহে অন্তত ৫ দিন আধ ঘণ্টার হালকা বা মাঝারি ব্যায়াম, যেমন brisk walking, যোগব্যায়াম, সাঁতার বা হালকা জিম করুন। এতে শরীর যেমন ফিট থাকবে, তেমনি ওজনও নিয়ন্ত্রণে থাকবে এবং মন ভালো থাকবে।


২. মানসিক স্বাস্থ্যের যত্ন

কারও ক্ষেত্রে এই বয়সে সন্তান বড় হয়ে যায়, জীবনের গতি কিছুটা ধীর হয়, পেশাগত জীবনেও একঘেয়েমি আসতে পারে।আবার যাঁদের লেট প্রেগনেন্সি তাঁদের সন্তান একেবারেই শিশু কিংবা কিশোর । তাঁদের আবার অনেক বেশি ধৈর্যশীল হতে হয়। তাই নিজের মানসিক সুস্থতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • নিজের জন্য সময় রাখুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট নিজের পছন্দের কিছু করার জন্য রাখুন— বই পড়া, গান শোনা, হাঁটাহাঁটি, গাছপালা দেখা ইত্যাদি।

  • স্ট্রেস ম্যানেজমেন্ট শিখুন: সারাদিনে ৫  মিনিট মেডিটেশন, ডিপ ব্রিদিং করুন। আধঘন্টা যোগাভ্যাসও আপনাকে মানসিক প্রশান্তি দিতে পারে। প্রয়োজনে কাউন্সেলিং-ও করাতে পারেন।

  • নিজেকে গ্লানি নয়, গর্বের চোখে দেখুন: ৪০ বছরের অভিজ্ঞতা, শিক্ষা, ত্যাগ সব মিলিয়ে আপনি একজন অসাধারণ নারী। নিজের কৃতিত্ব উদযাপন করুন।


৩. সৌন্দর্য ও চেহারার যত্ন

চল্লিশ পেরোনোর পর ধীরে ধীরে ত্বকে বলিরেখা, নিস্তেজ ভাব, মাথায় পাকা চুল দেখা দিতে পারে। এটি স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে আপনি আর সুন্দর নন। সৌন্দর্য আসলে আপনার আত্মবিশ্বাসে।

  • ত্বকের যত্ন: প্রতিদিন একটি সিম্পল স্কিনকেয়ার রুটিন রাখুন – ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুয়ে নাইট ক্রিম লাগিয়ে নিতে ভুলবেননা। ত্বকের নমনীয়তা বজায় থাকবে।  মাঝে মাঝে পার্লারে কিংবা ঘরে ফেসিয়াল করাতে পারেন।

  • চুলের যত্ন: নিয়মিত তেল মালিশ করবেন, নিয়মিত চুল পরিষ্কার করবেন আর চুল ধোওয়ার পর কন্ডিশনার ব্যবহার করবেন। চুল পেকে গেলে দুঃখ পাবেন না হয় সেটা আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন, না হলে হেয়ার কালার করিয়ে নেবেন। আমি হেনা করাই তিন মাস অন্তর।

  • হাত ও পায়ের যত্ন: নিয়মিত হাত ও পায়েরও যত্ন নেবেন সময় করে। সপ্তাহে একদিন অন্তত স্নানের সময়ে একটু গরম জলে শ্যাম্পু ফেলে পা ডুবিয়ে রাখবেন। একটা স্ক্রাবার দিয়ে ঘষে মরা চামড়া তুলে দিন। তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দেখবেন পা দুটো নরম থাকবে।

রাতে ঘুমোতে যাওয়ার আগে হাত পা ভালো করে ধুয়ে মুছে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। নিজেরই বেশ ভালো লাগবে। নিয়মিত নখ পরিষ্কার করবেন। আর নেলপালিশ পড়লে যত তাড়াতাড়ি সম্ভব সেটা তুলেও দেবেন।

  • পোশাকে সাবলীলতা: বয়স নয়, আরাম ও আত্মবিশ্বাস যেন আপনার ফ্যাশনের মূল মন্ত্র হয়। যে পোশাকে আপনার স্বচ্ছন্দ বোধ হয় সেই ধরণের পোশাকই পড়ুন। জোর করে বা কাউকে নকল করে কিছু করার দরকার নেই। যে পোশাকই পড়ুন তাতে যেন আপনাকে আত্মবিশ্বাসী মনে হয়।


আমার জীবনের নানান ঘটনা জানতে পড়ুন মুক্ত বিহঙ্গ  – আমার ব্লগ । 

৪. সম্পর্কের যত্ন: পরিবার, বন্ধু, নিজস্ব জায়গা

এই বয়সে অনেক সময় সন্তান বড় হয়ে যায়, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক বদলায়, বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তাই—

  • সম্পর্কে নতুনভাবে প্রাণ দিন: হাসবেন্ডের সঙ্গে একসাথে সময় কাটান, মাসে একদিন অন্তত লাঞ্চ বা ডিনারে যান। দিনে কোনো একটা সময়ে প্রাণ খুলে কথা বলুন। জানবেন খোলামেলা কথা কিন্তু সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে।

  • বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন: পুরনো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করুন, কিংবা নতুন বন্ধু তৈরি করুন – অনলাইন গ্রুপ, ক্লাস বা ওয়ার্কশপের মাধ্যমে। আপনার সন্তানের স্কুলের অভিভাবকদের সাথে আড্ডা দিন। মাসে একদিন অন্তত কারও সাথে আড্ডা দিন।

  • নিজের জগৎ তৈরি করুন: একা থাকা মানেই কিন্তু নিঃসঙ্গতা নয়। নিজের বই পড়ার কোণ, চায়ের সময়, শরীরচর্চা করার সময় বা টুকটাক লেখালিখি – এসবেই গড়ে উঠতে পারে একান্ত নিজের একটা জগৎ।


ছোট শিশুর মায়ের যত্ন: নিজেকে ভালো রাখার ১০ টি টিপস

আপনার সন্তান যদি শিশু থাকে  তাহলে পড়ুন  ছোট শিশুর মায়ের যত্ন: নিজেকে ভালো রাখার ১০ টি টিপস

৫. নিজের পরিচয় ও স্বপ্ন খুঁজে পাওয়া

৪০ এর পর অনেক নারী নতুন করে নিজের আবেগ, আগ্রহ আর স্বপ্নকে আবিষ্কার করেন। আপনি কি ছোটবেলায় গল্প বা কবিতা লিখতে ভালোবাসতেন ? ছবি আঁকতে পছন্দ করতেন ? কোনো বিষয় শেখার ইচ্ছে ছিল? এখনই সেই সময়।

  • নতুন কিছু শিখুন: অনলাইন কোর্স করুন। ফ্রি ওয়ার্কশপ করুন। লাইব্রেরিতে যান – সুযোগ এখন হাতের মুঠোয়।

  • সৃজনশীল কিছু করুন: ছবি আঁকতে ইচ্ছে করলে আঁকুন। লিখতে ভালো লাগলে ব্লগ লিখুন, হস্তশিল্প বানান, নতুন নতুন পদ রান্না করুন, গাছ ভালো লাগলে গার্ডেনিং করুন — মোট কথা যেটা ভালো লাগে সেটাই করুন।

  • নিজেকে পরিচিত করুন নতুনভাবে: আপনি শুধু মা বা স্ত্রী নন, আপনি নিজেও একজন আলাদা সত্তা। নিজেকে নিজে মূল্য দিন। তাহলে অন্যরাও আপনাকে মূল্য দেবে।


৬. আর্থিক সচেতনতা ও নিরাপত্তা

এই বয়সে আর্থিক নিরাপত্তা গড়ে তোলাও অত্যন্ত জরুরি। যদি আগে থেকে ভেবে নাও থাকেন, এখনই সময় পরিকল্পনা শুরু করার।

  • বিনিয়োগ করুন: রোজগারের পাশাপাশি কিছু সঞ্চয় করুন। মিউচুয়াল ফান্ড, পেনশন স্কিম, স্বাস্থ্যবিমা – এগুলোর খোঁজ রাখুন।

  • আর্থিক স্বাধীনতা বজায় রাখুন: স্বামী বা পরিবারের উপর নির্ভর না করে নিজের অর্থনৈতিক সুরক্ষা নিজেই তৈরি করুন।


উপসংহার: বয়স নয়, মনটাই আসল!

৪০ পার হওয়া মানেই নতুনভাবে জীবনকে দেখা, নিজেকে নতুনভাবে ভালোবাসা। আপনিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি — তাই নিজের শরীর, মন, সৌন্দর্য, সম্পর্ক, স্বপ্ন আর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন।

সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন। কারণ আপনি সেটার যোগ্য — বর্তমানে, ভবিষ্যতেও।


আপনার ৪০-এর পর জীবন কেমন চলছে? কিছু পরিবর্তন এনেছেন কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না!


এছাড়া আপনাদের আর কোনও প্রশ্ন থাকলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামেও সরাসরি মেসেজ করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। 

আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক

ফেসবুক

ইনস্টাগ্রাম

ইউটিউব চ্যানেল

Rate this post

Discover more from Debanjana Roy-Motherhood Journey

Subscribe to get the latest posts sent to your email.

Debanjana Roy

আমি দেবাঞ্জনা রায়- যমজ সন্তানের মা। আমি ঘুরে বেড়াতে, বই পড়তে এবং সাঁতার কাটতে খুব ভালোবাসি। আর ভালোবাসি নিজের অভিজ্ঞতা লিখে রাখতে। এখানে আমার দুই সন্তানকে বড় করে তোলার নানান অভিজ্ঞতা ভাগ করে নেব আপনাদের সাথে। পড়ুন টুইন বেবি জার্নাল

Leave a Reply